মাদক নির্মূলে ঐক্যবদ্ধ কুলিয়ারচর, ইউনিয়নভিত্তিক সভায় কঠোর বার্তা
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাকে মাদকমুক্ত করতে ইউনিয়নভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ১নং গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নে মাদক প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
গতকাল আব্দুল্লাহপুর এলাকায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ, অ্যাডভোকেট মশিউর রহমান, গোবরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন রানা বাদল, সাধারণ সম্পাদক হাফেজ মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুখলেছুর রহমান, যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিক হাসান, ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকাসক্তির কারণে অপরাধ, পারিবারিক অশান্তি এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের সহযোগীকে ছাড় দেওয়া হবে না। তিনি স্থানীয় জনগণকে মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। অপরাধী যে-ই হোক, তার রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। খেলাধুলা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা কুলিয়ারচরকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টায় কুলিয়ারচর একটি শান্তিপূর্ণ ও মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।


